মহেশপুরে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টায় লোডশেডিং!

আপডেট : ২১ মে ২০১৭, ১৩:২৯
ভয়াবহ লোডশেডিং আর প্রচণ্ড গরমে মহেশপুরসহ জেলাবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জেলার জনগণ ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকছে। ১ ঘণ্টা অন্তর ২ ঘণ্টা লোডশেডিং দেখা দিচ্ছে। ফলে বিপাকে পড়ছে রোগী, শিশু, অফিস আদালতের লোকজন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সব শ্রেণির মানুষ।
 
প্রাপ্ত-সূত্রে প্রকাশ, মহেশপুরসহ এ অঞ্চলে দিনে-রাতে এক ঘন্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে আবার আসছে ২-৩ ঘণ্টার পর। অব্যাহত লোডশেডিংয়ের কারণে ছোট বড় শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের ফলে কোল্ড স্টোরেজগুলো হুমকির মুখে পড়েছে। লোডশেডিংয়ের কারণে ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি জাত পণ্য সংরক্ষণের উপরও।
 
এ বিষয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মহেশপুর অফিস সূত্রে জানা যায়, মহেশপুর সহ এই জেলার চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। যে কারণে বিদ্যুতের লোডশেডিং বেড়ে গেছে। এছাড়া আরো জানা গেছে সিদ্ধিরগঞ্জ পার হাউজের বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইনে সরবরাহের বিঘ্ন ঘটায় উত্তর বঙ্গের বিদ্যুতের চাহিদা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মেটানো হচ্ছে। যে কারণে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে দ্রুত এই সমস্যার সমাধান কামনা করেছেন।
 
ইত্তেফাক/এএম।