‘বিকল্প কর্মসংস্থান না করে অর্থমন্ত্রী বিড়ি তুলে দিতে চাইছেন’

আপডেট : ২১ মে ২০১৭, ২১:১২
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ১৫ লাখ বিড়ি শ্রমিকের বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অর্থমন্ত্রী বিড়ি তুলে দিতে চাইছেন। আমি সংসদ সদস্য হিসেবে বলতে চাই আমি বিড়ি শ্রমিকদের পক্ষে বাজেট অধিবেশনের শুরু থেকেই আমি বিড়ি শ্রমিকদের পক্ষে কথা বলবো। 
 
রবিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় তিনি গরীবদের টার্গেট করেছেন। তিনি গরীবদের টার্গেট করলে আমরা অর্থমন্ত্রীকে টার্গেট করবো।
 
অর্থমন্ত্রী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প তুলে দিতে চান এমন বক্তব্যের প্রতিবাদে এবং বিকল্প কর্মসংস্থানের দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। এতে প্রধান বক্তা ছিলেন প্রফেসর মেজবাহ কামাল, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় ও চেয়ারপারসন আরডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
 
ফজলে হোসেন বাদশা বলেন, বিড়ি শ্রমিকরা মুক্তিযুদ্ধে পক্ষে ছিলেন। এরা কেউ রাজাকার না। তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র  মেনে নেয়া হবে না। কারণ এখন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে পক্ষে সরকার ক্ষমতায় রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি