নড়াইলের লোহাগড়ায় নির্যাতন চালিয়ে রুবিয়া বেগম (২৬) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার শাল নগর ইউপির রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুবিয়ার পিতার সূত্রে জানা গেছে, ৮ বছর আগে লোহাগড়ার শালনগর ইউপির রামকান্তপুর গ্রামের ছিরু মোল্যার ছেলে জামাল মোল্যার সাথে আলফাডাংগার বাজড়া গ্রামের ছবর আলীর মেয়ে রুবিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের শ্রাবণ নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাকে শ্বাশুড়িসহ স্বামীর আত্মীয় স্বজনরা নির্যাতন করতো। সম্প্রতি শ্বাশুড়ি রুবিয়ার স্বর্ণালংকার জোর করে নিয়ে বিক্রি করে নিজেদের নামে জমি ক্রয় করে। এ নিয়ে বিরোধ আরো বেড়ে যায়। রবিবার দুপুরে রুবিয়ার ননদে কাসেদ, শ্বাশুড়ি নেছার বেগম, ননদ রুপাসহ কয়েকজন রামকান্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে মারপিট করে। এ সময় রুবিয়ার মৃত্যু হলে তারা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, রুবিয়ার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।
