ইফতারের ৪ পদ

আপডেট : ২৩ মে ২০১৭, ০৯:৪৯
 
রমজানে খাবারের বৈচিত্র্যে সেজে ওঠে আমাদের ইফতারের আয়োজন। প্রচলিত খাবারের আইটেমগুলোর বাইরে কিছু ভিন্ন স্বাদের খাবারের রেসিপি নিয়ে এবারের আয়োজন। রেসিপিগুলো দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এটিএম আহমেদ হোসেন (ডিরেক্টর, ফুড অ্যান্ড বেভারেজ)
 
আম লাচ্ছি
 
উপকরণ :দই ১ কাপ, দুধ ১ কাপ, আমের রস ১ কাপ, মধু ৪ চা চামচ, এলাচ গুঁড়া ১ চিমটি।
 
প্রস্তুত প্রণালি :সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে (১ মিনিট)। তারপর আলাদা গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার আমের লাচ্ছি। 
 
 
উপকরণ :ময়দা ৪ কাপ, ঘি ২ টেবিল চামচ, পানি ১/৪ কাপ, লবণ পরিমাণমতো, হাড্ডি ছাড়ানো মাংস আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, জুলিয়ান কাট সবজি আধা কাপ, পনির আধা কাপ।
 
প্রস্তুত প্রণালি :প্রথমেই কড়াইয়ে ঘি দিয়ে হাড্ডি ছাড়ানো মুরগি মাংস, জুলিয়ান কাট সবজি এবং পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার ময়দা ও পানি দিয়ে খামির বানাতে হবে, যেন একদম নরম হয় এবং হাতের সঙ্গে লেগে না যায়। এখন গোল গোল করে তাতে আলাদা করে ভেজে রাখা মুরগি মাংসসহ সবজি দিয়ে পরোটা বেলে নিতে হবে। পরোটা নামানোর আগে উপরে পনির দিতে হবে।
 
 
চিংড়ি বিরিয়ানি
 
উপকরণ :চিংড়ি মাছ ৮০০ গ্রাম, বাসমতি চাল ৪০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, রসুন বাটা ৫০ গ্রাম, টমেটো পেস্ট ৫০ গ্রাম, কাঁচা মরিচ ২০ গ্রাম, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ৪০ এমএল, ঘি ১০০ এমএল, ধনিয়া গুঁড়া ১০ গ্রাম, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো।
 
প্রস্তুত প্রণালি :প্রথমেই বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো পেস্ট এবং কাঁচা মরিচ দিয়ে অল্প সময় রান্না করতে হবে। তারপর লাল মরিচ গুঁড়া, চিংড়ি মাছ, শুকনা মরিচ গুঁড়া দিয়ে আরও কিছু সময় রান্না করতে হবে যেন মসলা থেকে পানি বের হয়ে আসে। পানি শুকিয়ে এলে এতে রান্না করা ভাত দিয়ে দিতে হবে এবং সঙ্গে লবণ আর লেবুর রসও দিতে হবে এবং আরও ৭-৮ মিনিট রান্না করতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি বিরিয়ানি।
 
 
অ্যারাবিয়ান বিফ কোফতা
 
উপকরণ :বিফ কিমা ৪০০ গ্রাম, পারসলি ১ টেবিল চামচ, ধনিয়া পাতা মিহি কুচি ৫০ গ্রাম, পেঁয়াজ মিহি কুচি ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, কালো গোলমরিচ আধা চা চামচ, কিউমিন পাউডার আধা চা চামচ, ব্রেডগ্রাম পরিমাণমতো।
 
প্রস্তুত প্রণালি :প্রথমে বিফ কিমা নিতে হবে। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মাখাতে হবে। তারপর তাওয়াতে তেল দিয়ে কাবাবের মতো রোল করে ভাজতে হবে। নান অথবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন অ্যারাবিয়ান বিফ কোফতা। 
 
ইত্তেফাক/আনিসুর