বঙ্গবন্ধু গলফ ওপেন
সোহেল সারোয়ার চঞ্চল
গত কয়েক দিনের ঝড়-বৃষ্টির কারণে কুর্মিটোলা গলফ কোর্সের সাজানো গোছানো আয়োজনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। গাছ ভেঙ্গে পড়েছিল। সাজসজ্জাও কিছুটা ক্ষতির মুখে পড়েছিল। এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ তথা বঙ্গবন্ধু গলফ ওপেনের গোছানো আয়োজনটা খুব কম সময়ের মধ্যেই আবারও গুছিয়ে তোলে গলফ ফেডারেশন। আশঙ্কা থাকলেও বৃষ্টি বা ঝড়ের মুখে পড়েনি উদ্বোধনী দিনটা। চারদিনের মর্যাদার এই টুর্নামেন্টের গতকাল শুরু হয়। তখন গলফ কোর্সের আকাশ উজ্জ্বল। সকালে কড়া রোদ উঁকি দিচ্ছিল টিঅফের সময়। দেশি বিদেশি গলফারদের মধ্যে যেন স্বস্তির নিশ্বাস।
ঝকঝকে রোদে গাছের ডাল-পালা, সবুজ কোর্স মায়াবী হাতছানি দেয়। ২২ দেশের প্রায় ১৫০ গলফার প্রতিদিন ১৮ হোলের খেলায় লড়াই করতে নেমেছেন ক্লাব হাতে। যেখানে বাংলাদেশের ৪৭ জনের মধ্যে ৪১ জন পেশাদার গলফার রয়েছেন।
বিদেশি গলফারদের ছাপিয়ে বাংলাদেশের গলফাররা চান এবার পঞ্চম আসরে ট্রফি ঘরে রেখে দিতে। ঢাকায় এই গলফ কোর্সে অনুষ্ঠিত গত চারটি আসরে বিদেশিরা নিয়ে গেছেন ট্রফি। কখনো খুব কাছে গিয়েও ছিটকে পড়েছিলেন বাংলাদেশের গলফাররা। কিন্তু কখনোই হতাশ হননি। কারণ বাংলাদেশের গলফারদের পেছনে রয়েছেন একঝাঁক উদ্যোমী সংগঠক। যাদের পরিচর্যায় দেশের গলফ সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। আরো কঠিন পথ পাড়ি দেয়ার স্বপ্ন দেখছে। গলফার জামাল, সাখাওয়াত, সিদ্দিকুর, সোহেলরা সেই কঠিন পথে এগিয়ে যাচ্ছেন। এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ, বঙ্গবন্ধু গলফ ওপেনে এবার বাংলাদেশের গলফাররা আরো মরিয়া। যেভাবেই হোক ট্রফিটাকে স্পর্শ করতে চান। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে লড়াই করবেন। যদিও বিদেশি দক্ষ গলফাররা এসেছেন। গত চারটি আসরের চ্যাম্পিয়নরাও এসেছেন। তাদের পেছনে অন্যান্য দেশের গলফাররা রয়েছেন, টেক্কা দিতে চান। এতো সব গলফারদের টপকে বাংলাদেশের মেধাবী এবং সাহসী গলফাররা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে প্রস্তুত।
এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ তথা বঙ্গবন্ধু গলফ ওপেনের কাল প্রথম দিনে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। গলফার মোয়াজ লিডিং বোর্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। আরো একাধিক বিদেশি গলফার দ্বিতীয় স্থানে রয়েছেন। তারপরও বাংলাদেশের এই গলফার আলোচনায় উঠে আসায় তাকে নিয়ে সংবাদ মাধ্যমের কথপোকথন হলো। সবগুলো এশিয়ান ট্যুরে খেলা মোয়াজ বললেন, ‘এটা কুর্মিটোলায় আমার সেরা রাউন্ড। এর আগে কখনো এত ভালো হয়নি।’
সিদ্দিকুর রহমান দেশের গলফের বিজ্ঞাপন। এশিয়ান ট্যুর বঙ্গবন্ধু ওপেন গলফে সিদ্দিকুর নামলেন দ্বিতীয় সেশনে। পারের চেয়ে ৫ শট কম খেলে প্রথম রাউন্ডের খেলা শেষ করেছেন বাংলাদেশ গলফের এই তারকা। টানা টুর্নামেন্টের মধ্যে রয়েছেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে সুবিধা করতে পারেননি। কাল নিজের খেলা শেষ করে বললেন, ‘আমি ক্লান্ত। টানা তিন সপ্তাহ ধরে খেলছি। মালয়েশিয়া, দিল্লিতে প্রচুর গরম ছিল। সিদ্দিকুর বললেন, ‘আসলে মাত্র প্রথম রাউন্ড পার করেছি। এখনো তিন রাউন্ড বাকি আছে। আমি মনে করি যেকোনো কিছুই হতে পারে। যাই হোক ঘরের কোর্সে খেলাটা অবশ্যই সুবিধা।’ এশিয়ান ট্যুরে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশের গলফারদের আন্তর্জাতিক কোয়ালিফাইং টুর্নামেন্ট লড়াই করতে হয়। এটা ব্যয়বহুলই নয়, বরং সময়সাপেক্ষ। আয়োজক হওয়ার সুযোগে বাংলাদেশ এই টুর্নামেন্টের সরাসির মূল পর্বে খেলার সুযোগ পায়।
