যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডির কনসার্টে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। হামলায় আহতদের চিকিত্সার ব্যাপারে খোঁজখবর নিতে গতকাল বৃহস্পতিবার রাণী রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে এই পরিদর্শনে যান।
৯১ বছরে পা দেয়া রানি হেঁটে হেঁটে হাসপাতাল ঘুরে দেখেন। ব্রিটেনের সবচেয়ে সম্মানিত এই মানুষটি কথা বলেন এমি বার্লো (১২), এভি মিলস (১৪), মিলি রবসন (১৫) এর মতো স্কুলছাত্রীদের সঙ্গে, যারা ওই হামলায় আহত হয়েছিল।
বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য এসময় রানি হাসপাতালের স্টাফ ও প্যারামেডিকদের ধন্যবাদ জানান।
সোমবার ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডির কনসার্টে আত্মঘাতী হামলায় ঘাতকসহ ২৩ জন নিহত হয়। হতাহতদের বেশিরভাগই শিশু ও তরুণ-তরুণী। আহত ৭৫ জনকে স্থানীয় আটটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। আহত ৫ জন শিশুকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে চিকিত্সা নিচ্ছে বেশ কয়েকজন শিশু ও কিশোরী। রানি এলিজাবেথ আহত স্কুলছাত্রীদের পাশাপাশি হাসপাতালের নার্স ও চিকিত্সকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। রানিকে কাছে পেয়ে আহত স্কুলছাত্রীদের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়।
ইত্তেফাক/নূহু
