স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মহানগরীতে অনেক ভবন আইন মেনে তৈরি করা হয়নি। ভবন মালিকদের চিঠি দিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চার সদস্যের একটি প্রতিনিধি দল। সম্প্রতি রাজধানী ঢাকায় বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছেন রংপুরের ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিসহ অগ্নি প্রতিরোধ ব্যবস্থার বাইরে থাকা ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছেন। গত সোমবার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চার সদস্যের একটি প্রতিনিধি দল নগরীর ভবনগুলো পরিদর্শন শুরু করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর অঞ্চলের উপ-পরিচালক ইউনুস আলী বলেন, গতকাল রবিবার থেকে রংপুরের ভবনগুলো পরিদর্শনে আমাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল মাঠে নেমেছেন। যেসব ভবনে সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের নিজস্ব আইনে ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নগরীতে অনেক ভবন আছে, যার মালিকেরা সিটি করপোরেশনের আইন মেনে ভবন তৈরি করেননি। আমরা তাদের চিঠি দেওয়া শুরু করেছি। পাশাপাশি বর্তমানে সিটি করপোরেশন যেসব ভবনের নকশা অনুমোদন দিচ্ছে, সেখানে ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।
