গোপালগঞ্জে ঝড়ে স্কুল বিধ্বস্ত পাঠদান ব্যাহত

আপডেট : ৩০ মে ২০১৭, ০২:১৪

ঝড়ে গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের একটি টিনসেড ভবন বিধ্বস্ত হয়েছে। এতে শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে স্কুলের সামনে খালি মাঠে পাঠদান করতে হয়। এতে রোদ ও বৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিনে গিয়ে ও বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৫৮ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই ভবন সংকট রয়েছে। গত ১৫ মে ঝড়ে স্কুলের ৩ কক্ষ বিশিষ্ট একটি টিনসেড ভবন বিধ্বস্ত হয়ে যায়। এতে শ্রেণিকক্ষ সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসতে হচ্ছে। এক কক্ষে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করতে শিক্ষককে হিমশিম খেতে হচ্ছে। স্কুলটি বরাবরই জেএসসি ও এসএসসিতে ভালো রেজাল্ট করে আসছে।

স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ বলেন, এ স্কুলটির রেজাল্ট বরাবরই ভালো। এখানে উপজেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু শুরু থেকে ভবন সংকট রয়েছে। ঝড়ে একটি ভবন ভেঙে এ সংকট তীব্র আকার ধারণ করেছে। এখানে বহুতল ভবন নির্মাণ করা হলে  শ্রেণি সংকট দূর হবে। শিক্ষকরা আরো ভালো পাঠদান করতে পারবে। শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল বলেন, ‘জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের জন্য আমি জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। ওখান থেকে ফান্ড পাওয়া গেলে বিধ্বস্ত ভবনটি সংস্কার করা হবে। এছাড়া বহুতল ভবন নির্মাণের জন্য স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষককে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করতে হবে।’

ইত্তেফাক/নূহু