মিরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

আপডেট : ৩০ মে ২০১৭, ১৩:০৬
মিরসরাইয়ে পিতাকে পিটিয়ে হত্যা করেছে পুত্র। হতভাগ্য ওই বাবার নাম সফিউল আলম মেম্বার (৬৫)। সোমবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের সফি মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছেলে দিদারুল আলমকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। নিহত সফিউল আলম পূর্ব পোলমোগরা গ্রামের মৃত মনির আহম্মদের পুত্র এবং খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
 
জানা গেছে, গত কয়েকদিন পূর্বে শফিউল আলমের সাথে তার পুত্র দিদারুল আলমের আম পাড়া নিয়ে ঝগড়া হয়। স্থানীয় গণ্যমান্য লোকজন বিষয়টির সুরাহা করে দেন। কিন্তু সোমবার সন্ধ্যায় ওই বিষয় নিয়ে পুনরায় পিতা-পুত্রের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পুত্রের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়। 
 
খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদে সফিউল আলম ও তার পুত্র দিদারুল আলমের একাধিক জায়গা জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মীমাংসা করে দেওয়া হয়। কয়েকদিন আগে সফিউল আলম পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এলে তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছিলাম। 
 
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ঘাতক পুত্র দিদারুল আলমকে স্থানীয় জনসাধারণ আটক করে পুলিশে সোর্পদ করে। মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। অভিযুক্ত দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই