কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, ২ ডাকাত নিহত

আপডেট : ৩১ মে ২০১৭, ০৯:৫১

ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার কোসনা ইউনিয়নের বান্দাগলি মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

নিহত ডাকাতরা হলো, রানা আহমেদ(৪৫) ও আলীমুদ্দিন (৫৭)। রানার বাড়ি উপজেলার বকশীপুর গ্রামে। তার বাবার নাম ফকির চাঁন। আলীমুদ্দিনের বাড়ি উপজেলার বহরামপুর গ্রামে। সে ওই গ্রামের সোলেমান হোসেনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এ বন্দুকযুদ্ধের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতেরা গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি বন্দুক, একটি পিস্তল ও পনের রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু