পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হামলায় গুরুতর আহত পবিপ্রবির মাস্টার্সের শিক্ষার্থী মো. আল আমিন হোসেনের পিতা মো. আজিজ শিকদার।
মামলার অন্য আসামীরা হলেন পবিপ্রবির শিক্ষার্থী কাওছারুজ্জামান সুমন, বাদল শীল, আরাফাত ইসলাম সাগর, আরিফুল ইসলাম, গোলাম রব্বানী সুহৃদ, সৌরভ কর্মকার, শাকিল বারী তানিম, এস এম সাব্বির, মিরাজ, কামরুল হাসান মুন্না ও মো.রিয়াজ হোসেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ২৫ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় পবিপ্রবির ২য় গেইট এলাকায় আসামীরা রড, রামদা ও বাশের লাঠি দিয়ে স্থানীয় ছাত্রদের উপর হামলা চালায়।এতে আমিনসহ চার ছাত্র গুরুতর আহত হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে ফেসবুকে স্থানীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে ২১ মে রোববার সন্ধ্যা ৭টায় ওই হামলার ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকসহ মোট ১০ জন আহত হয়। এতে মাস্টার্সের শিক্ষার্থী আলামিন হোসেনের কান ছিঁড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনের প্রত্যক্ষমদদে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ইত্তেফাক/মোস্তাফিজ
