বিশ্ববিদ্যালয়ের দু’ শিক্ষার্থী লাঞ্ছিত : নৈশ প্রহরী বহিষ্কার

আপডেট : ৩১ মে ২০১৭, ১০:৩০
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
মঙ্গলবার শিক্ষক পরিষদের সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী ইয়াছিন সিকদারকে চাররি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 
 
গত রবিবার ২৮ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্রী মিনাক্ষী চক্রবর্ত্তী ও পদার্থ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের  ছাত্র উৎপল দত্তকে লাঞ্ছিত করার ঘটনায় ওই নৈশ প্রহরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন। 
 
শিক্ষার্থীরা জানায়, নৈশ প্রহরী ইয়াছিন তাদের সাথে আসৌজন্যমূলক আচরণ করেন। তাদের  কাছে থাকা ৩টি মোবাইল ফোনসহ কিছু টাকা ছিনিয়ে নেয়। সোমবার সকালে তারা এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
 
নৈশ প্রহরী ইয়াছিনের শাস্তির দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষকরা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
নৈশ প্রহরী ইয়াছিন মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, দু’ শিক্ষার্থীকে সন্ধ্যার পর একাডেমিক ভবনের সামনে দেখে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে  দু’ শিক্ষার্থী আমার সাথে খারাপ আচরণ করে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূ’ইয়া বলেন, অভিযোগ পেয়ে জরুরি সভা শেষে মঙ্গলবার সন্ধ্যায় নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এমআই