প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকা নিয়ে আজ সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে এক টুইটবার্তায় ট্রাম্প জানান, এই চুক্তিটি নিয়ে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৯টায় সিদ্ধান্ত জানাবেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, টুইটার বার্তায় নির্বাচনী প্রচারণাকালে তার জনপ্রিয় শ্লোগান ‘আমেরিকাকে আবারো মহান করে তুলুন’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে আমার সিদ্ধান্ত ঘোষণা করবো।’
IMG0
এ চুক্তির বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সে ব্যাপারে ট্রাম্প কোনো কিছু না জানালেও মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে বিবিসি জানাচ্ছে, প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতির উপর জোড় দিতে যাচ্ছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। এই ইস্যুতে এখন নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হচ্ছে চীন এবং ইইউ। ধারণা করা হচ্ছে, চীন এবং ইইউ এর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপের মধ্যে ফেলবে। বলা হচ্ছে, গত বছর খানেক ধরেই চীন এবং ইইউ জলবায়ু পরিবর্তন এবং ক্লিন এনার্জি নিয়ে ঐক্যমত্যে পৌঁছে একটি যৌথ বিবৃতি দেবার বিষয়ে কাজ করছিল। এএফপি ও বিবিসি।
ইত্তেফাক/সেতু
