খুলনায় বটির কোপে ব্যবসায়ী খুন : স্ত্রী আটক

আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:০০
খুলনার সোনাডাঙ্গায় বটির কোপে শেখ মোস্তাক আলী ওরফে হোন্ডার ফকির (৬৪) নামে একজন খুন হয়েছেন। নিহত মোস্তাক আলী স্থানীয় মৃত অখিল ফকিরের ছেলে। তিনি ইজিবাইকের গ্যারেজের ব্যবসা করতেন।
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার ১নম্বর বয়রা ক্রসরোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী রোজিনা বেগমকে (৩৬) আটক করেছে।
 
অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার আঠারোবাকী নদীর ঘাট থেকে পুলিশ বস্তাবন্দী অবস্থায় মস্তকবিহীন অপর একটি লাশ উদ্ধার করেছে ।
 
সোনাডাঙ্গা থানার এসআই উজ্জ্বল সরকার জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে রাস্তি শেখ  ধারালো বটি দিয়ে পিতা মোস্তাক আলীর গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে।
 
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বলেন, ঘটনার আগে নিহতের স্ত্রী বটি দিয়ে মাছ কাটছিলেন। এ সময়  স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ঘটনাস্থলে ছেলেও উপস্থিত ছিল। কিন্তু স্ত্রী অথবা ছেলে বটি দিয়ে তার গলায় আঘাত করেছে না-কি সে নিজেই বটি কেড়ে নিয়ে নিজের গলায় আঘাত করেছে- সেটি স্পষ্ট নয়। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
 
রূপসা থানার শ্রীফলতলা পুলিশ ক্যাম্পের কমল কৃষ্ণ দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বস্তাবন্দী মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাম হাত ভাঙ্গা এবং দু’ পা রশি দিয়ে বাধা ছিল। মৃতদেহে পচন ধরেছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য, এর আগে গত বুধবার নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের আকমানের মোড়ের খাল থেকে অজ্ঞাত পরিচয় একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
 
ইত্তেফাক/এমআর