রাজধানীতে ইয়াবা ও ককটেলসহ ৪৭ জন গ্রেফতার

আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:২৭
রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবা-ককটেলসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গত শুক্রবার বিকালে যাত্রাবাড়ীর স্বামীবাগ এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।
 
তার বাড়ি নারায়নগঞ্জের বন্দর থানার লক্ষণখোলা গ্রামে। একই দিন সকালে শেরেবাংলা নগর এলাকা থেকে ৩০টি ককটেলসহ রুবেল ও আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।
 
এদিকে, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ কেজি ৯২০ গ্রাম ৭২ পুরিয়া গাঁজা, ৫০০ পুরিয়া হেরোইন, ২৮১ বোতল ফেন্সিডিল ও ১২০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
 

ইত্তেফাক/এএম।