বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম গতকাল বুধবার দুপুরে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এবার শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে রক্ত দিয়ে দেয়ালে লিখে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টারিং করেছেন। টানা আন্দোলনের নবম দিনের মাথায় তারা এই কর্মসূচি গ্রহণ করে।
আল্টিমেটামের সময় শেষ হওয়ার পর একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এক এক করে রক্ত দিতে থাকেন এবং সেই রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা স্লোগান লেখা হয় এবং ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আন্দোলনরতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে ফের ব্যর্থ হন। শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পরদিন থেকে উপাচার্য ঢাকায় অবস্থান করায় তিনবার জনসংযোগ দপ্তরের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য বিবৃতি প্রেরণ করা হয়। প্রসঙ্গত, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
