সোমবার রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এ অবরোধের আহ্বান করেছে তারা। শনিবার রাতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবরোধ আহ্বানের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লংগদুতে পাহাড়িদের দু’শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামী ৫ জুন (সোমবার) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ পালিত হবে।
অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা, সংবাদপত্রের গাড়ি ও সাইকেল ব্যতীত দূরপাল্লার সকল যানবাহন ও নৌ না চালানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে সে মৃতদেহ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়। সে সময় কিছু লোক পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়।
ইত্তেফাক/নূহু
