লন্ডন হামলার সত্ত্বেও হবে ম্যানচেস্টারের কনসার্ট

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৯:৩৭
মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের ম্যানেজার লন্ডন হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ওই ঘটনার কারণে আজকের পূর্বনির্ধারিত কনসার্ট তারা বাতিল করছেন না। তিনি বলেছেন 'ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্ট চলবে বৃহত্তর উদ্দেশ্যে, জনগণের সাথে থাকার জন্য'।
 
স্কুটার ব্রন এক টুইট বার্তায় বলেছেন, ‘সব শিল্পী এই কনসার্ট চালিয়ে যাবার বিষয়ে একমত। নিহতদের স্মরণে তারা গাইবেন। গত ২২শে মে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে এক হামলায় অন্তত ২২ জন নিহত হন। তাদের স্মরণে রবিবারের কনসার্ট চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এরই মধ্যে শনিবার রাতে লন্ডনে ঘটেছে আরেকটি সন্ত্রাসী হামলা। তবুও ভক্তদের পাশে দাঁড়ানোর জন্য এই কনসার্ট থেকে পিছু হটছে না আয়োজনকারী ও শিল্পীরা। পুলিশ বলছে, ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। লন্ডন হামলার ঘটনাটি 'অত্যন্ত দুঃখজনক' বলে বিবৃতি দিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
 
এসিস্যান্ট চিফ কনস্টেবল গ্যারি শেওয়ান বলেছেন, ‘লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে আমরা আছি। এমনকি জরুরি সেবাদানকারী সংস্থার যে কোন প্রয়োজনে আমরা তাদের সাথেই থাকবো।  তিনি জানান লন্ডন হামলা সত্ত্বেও ওল্ড ট্রাফোর্ড ফুটবল গ্রাউন্ডে কনসার্ট হবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির