চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি। প্রায় ৫৩ লক্ষ টাকা বকেয়া অনাদায়ীর কারণে রবিবার বেলা ১১টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে পুরো হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা বিপাকে পড়েছে। বিদ্যুৎ না থাকায় পানি সংকট দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর দিয়ে জরুরি কিছু কার্যক্রম পরিচালনা করছে।
পিডিবি'র পাথরঘাটা বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন রবিবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, আমরা বকেয়া পরিশোধের জন্য তিনটি নোটিশ দিয়েছি। আমি নিজে জেনারেল হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়কের সাথে দেখা করার চেষ্টা করলেও তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। পরে পিডিবি চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলীর অনুমতি নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুনীল কুমার বড়ুয়া ইত্তেফাককে বলেন, 'বিল পরিশোধের জন্য আমাদের কাছে নগদ কোন টাকা নেই। এটা সরকারিভাবে সমন্বয় করা হয়ে থাকে। আমরা বকেয়া নিয়ে পিডিবি'র কাছ থেকে কোন নোটিশ পায়নি।'
এদিকে জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন চট্টগ্রাম কার্যালয় একই জায়গায় অবস্থিত। জেনারেল হাসপাতালের মিটার থেকে সংযোগ নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে। কিন্তু তারা বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এ নিয়ে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে বিরোধ চলছে। এতে বিল পরিশোধ নিয়ে এ বিরোধ আরো প্রকট হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
জানা যায়, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রবিবার পর্যন্ত ১৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এতে বিদ্যুৎ না থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।
ইত্তেফাক/জামান
