স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার ও ময়মনসিংহের গফরগাঁও থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের চিকিত্সার সকল ব্যয় বহন করবে সরকার। গতকাল সোমবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন আবদুল জব্বার ও আবুল হাসেমকে দেখতে গিয়ে এই ঘোষণা দেন।
শিল্পী আবদুল জব্বার কিডনি, হূিপন্ডের সমস্যায় ভুগছেন। আবদুল জব্বারের শয্যা পাশে কিছু সময় কাটান স্বাস্থ্যমন্ত্রী, চিকিত্সার খোঁজ-খবর নেন এবং চিকিত্সকদের সাথে কথা বলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। তিনি সেই সময়ে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। আবদুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন। পরে স্বাস্থ্যমন্ত্রী চিকিত্সাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য আবুল হাসেমকে দেখতে যান এবং তার চিকিত্সার খোঁজ-খবর নেন।
নূহু/ইত্তেফাক
