শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিকভাবেও নৌ পথের বিস্তৃতি বাড়ছে --------------------- নৌপ্রতিমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৫০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহনের ক্ষেত্রে বর্তমান সরকার বিগত ১০ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ফলে এ খাতের বিস্তৃতি দিন দিন বাড়ছে। শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিকভাবেও নৌ যোগাযোগ বাড়ছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ২৯ মার্চ ঢাকা- কলকাতা-ঢাকা রুটে ক্রুজ সার্ভিস চালু হয়েছে। তিনি বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে সালাম শিপিং লাইন্স লিমিটেডের বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ‘এম.ভি. মানামী’র উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাম শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ শাহে আলম মুরাদ,  নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম।

যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তার কথা বিবেচনা করে নির্মিত ‘এম.ভি. মানামী’র বৈশিষ্ট্য হলো, এটি দেশের প্রথম ডাবল বটম বা দ্বিস্তরবিশিষ্ট যাত্রীবাহী জাহাজ। জাহাজের নকশাটি বুয়েট কর্তৃক অনুমোদিত এবং নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমতি প্রাপ্ত নকশা মেনে জাহাজটি নির্মাণ করা হয়েছে। জাহাজে আধুনিক যন্ত্রপাতি- ইকো সাউন্ডার, রাডার, জি.পি.আর.এস, ফোয়াক লাইট, হাইড্রলিক গিয়ারসহ সকল উন্নতমানের যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। জাহাজটিতে ৬টি জরুরি লাইফ বোট এবং যাত্রীদের নিরাপদ যাত্রার কথা বিবেচনায় রেখে ‘বিশেষ যাত্রী ইনসুরেন্স’-এর ব্যবস্থা রাখা হয়েছে।