ঈদ ফ্যাশনে ক্যাজুয়াল শার্ট

আপডেট : ০৬ জুন ২০১৭, ১২:৩১
 
ফ্যাশন মানুষের একটি সহজাত প্রবৃত্তি। পুরুষ ও নারী সবাই তাদের আকর্ষণীয়, ব্যতিক্রমধর্মী, নিজস্ব ধরন, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ভিন্নভাবে দর্শনীয় হিসেবে সাজাতে পছন্দ করে। ফ্যাশন বলতে এককালে শুধু মেয়েদের ফ্যাশনকেই বোঝানো হতো। ফ্যাশনে একচ্ছত্র অধিকার যেন কেবল মেয়েদেরই। কিন্তু যুগ পাল্টেছে, পাল্টেছে মানুষের দৃষ্টিভঙ্গিও। আর বদলেছে ছেলেদের ফ্যাশনের ধারা। তবে এই ফ্যাশনের জন্য কিন্তু অফিস ছেড়ে মুখে কলা ও টক দই মেখে বসে থাকার প্রয়োজন নেই মোটেই, বরং সব কাজের মাঝে বুদ্ধি করে পোশাক আর এর সাথে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গ ঠিক করে নিন, তাহলেই আপনি হয়ে উঠবেন ফ্যাশনেবল। অল্প ক’দিন বাকি ধর্মীয় উৎসক ঈদের। এ উপলক্ষে শপিংমল কিংবা শো-রুমগুলোতে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। ঈদের সকালে পাঞ্জাবি সবাই পরে। কিন্তু দুপুর কিংবা বিকেলে নিশ্চয়ই আরামদায়ক ক্যাজুয়ালের কথা ভাবে সবাই। সেক্ষেত্রে প্রথমে আসে শার্টের কথা। ছেলেদের ঈদের কেনাকাটায় তাই পাঞ্জাবির সঙ্গে ফ্যাশনেবল ও আরামদায়ক একটি শার্টও চাই। চলমান বিশ্বে ক্যাজুয়াল ফ্যাশন সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশের আবহাওয়ার জন্যও তা প্রযোজ্য। ছেলেদের জন্য গরমের মোক্ষম পোশাক ক্যাজুয়াল শার্ট। ঈদ ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এবারের ঈদ হবে বর্ষার শুরুতে। এমন আবহাওয়ার কারণে উৎসবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। এ সময় ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি তেমনি উৎসবেও দেবে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলই বেশি। তবে সুতির একরঙা শার্ট পরলে অনেক সময় কিছুক্ষণ চলাফেরা করলে শার্টে ভাঁজ পড়ে যায়। তাই বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রঙ যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ। ক্যাজুয়াল শার্ট নিয়ে কথা হয় ফ্যাশন প্লাস পয়েন্টের সত্তাধিকারী ও ডিজাইনার বিপুল ইসলামের সাথে। তিনি বলেন, ‘সময়টা এখন ক্যাজুয়ালের। অনেকেই এই ভ্যাপসা গরমে ফরমাল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শার্টের রঙ আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে।’ 
 
তিনি আরো বলেন, ‘ছেলেদের শার্টে বেশকিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এই পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে তা কিন্তু নয়, নকশায় পরিবর্তন এসেছে আমাদের অন্যান্য পোশাকেও। যেমন আমাদের পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়াগুলোতে। এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভেতরের অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহার হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রঙ বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রঙ বা দু-রকমের নকশা করা কাপড় জুড়ে দেওয়া হচ্ছে শার্টে। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহার হচ্ছে। শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্টও তৈরি করা হচ্ছে। হবে ঈদ ও গরম দুইয়ের কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে আমরা প্রাধান্য দেওয়া হয়েছে হালকা নীল রঙের। ক্যাজুয়াল শার্টে সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশী, কালো ও হালকা রঙগুলো এখন ফ্যাশনেবল। ঈদের শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পাচ্ছে। ক্যাজুয়ালে ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট দুটোই সমানতালে চলছে। আমরা রেগুলার ও ফিটেড দু’টি স্টাইলই ব্যবহার করছি।’ 
 
শপিং কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্লাস পয়েন্ট’-এ ক্যাজুয়াল শার্ট ১ হাজার ১৫০ টাকা থেকে ২ হাজার ২৫০ টাকা। এছাড়া দেশালসহ বিভিন্ন ফ্যাশন হাউসে ক্যাজুয়াল শার্ট পাওয়া যাবে ৬শ’ থেকে ২ হাজার টাকার মধ্যে। একটু কম দামে কিনতে চাইলে যেতে পারেন আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, গাউসিয়া, বায়তুল মোকাররমসহ বিভিন্ন মার্কেটে। কিনতে পারবেন ২শ’ ৫০- টাকা ৫শ’ টাকার মধ্যেই। এছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউজ এবং বিপণিবিতানে মিলবে নতুন নকশার ক্যাজুয়াল শার্ট। এই সময়ের ঈদ উত্সবে ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি তেমনি দেবে ফ্যাশনেবল লুক।
 
মডেল : শাকিল রাজা ও শামীম মাহমুদ
পোশাক : প্লাস পয়েন্ট
ছবি : নেওয়াজ রাহুল