আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে ঢাকা-বরিশাল রুটের আকাশ পথে বিমানের স্পেশাল ফ্লাইট চালু হচ্ছে। বাড়ানো হয়েছে ফ্লাইটের সংখ্যা। এছাড়াও রয়েছে স্পেশাল সার্ভিস। ঈদের উপলক্ষে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীদের জন্য বিশেষ এ ব্যবস্থা করা হয়েছে।
সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমানের বরিশাল জেলা ব্যবস্থাপক মো. মেজবা উদ্দিন ইত্তেফাককে জানান, রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশ বিমান যাত্রীদের জন্য ভাড়ার বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সর্বনিম্ন দুই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে ১৮ জুনের পর এ অফার থাকছে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
অপরদিকে, বেসরকারি বিমান সংস্থা ইউএসবাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটের বাইরেও দুই দিন বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করেছে। ঈদের আগে ঢাকা থেকে বরিশালে আসা ঘরমুখো মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের বরিশালের বিমান বন্দরের ইনচার্জ সাইফুর রহমান জানান, সপ্তাহের রবি-মঙ্গল ও বৃহস্পতিবার বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট ছাড়াও ঈদের আগে ১৮, ২০, ২২ ও ২৫ তারিখে তাদের বিশেষ ফ্লাইট রয়েছে। তবে ঘরমুখো মানুষের সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনে আরও বাড়তি ফ্লাইট দেয়া কথা জানিয়েছেন।
উভয় বিমানের টিকিট অনলাইন ও স্থানীয় অফিস থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদের আগে ঢাকা থেকে বরিশালের আসার অগ্রিম টিকিট এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী ইত্তেফাককে জানিয়েছেন, বরিশাল-ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ ছাড়াও দুটি বেসরকারি বিমান সংস্থা প্রায় এক বছর ধরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছিল। কিন্তু এর মধ্যে নভোএয়ার এয়ারলাইন্স ২০১৬ সালের ৩০ ডিসেম্বর বরিশাল-ঢাকা রুটে শেষ ফ্লাইট পরিচালনা করে আকস্মিকভাবে এ রুট বন্ধ করে দেয়। বর্তমানে ঢাকা-বরিশাল আকাশ পথে বাংলাদশে বিমান ও ইউএস বাংলা’র নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।
ইত্তেফাক/কেকে
