গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নজরুল ইসলাম (৫৮) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের আলহাজ্ব শফিউল ইসলামের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর হোসেনের একটি ছাগল তার চাচাতো ভাই নজরুল ইসলামের বাড়ি ভিটার একটি আমগাছের পাতা খাচ্ছিল।
বিষয়টি নজরে এলে নজরুল ইসলাম ছাগলকে তাড়িয়ে দেয়। এনিয়ে তার সাথে জাহাঙ্গীর ও তার ছেলে সোহেল রানার ঝগড়া লাগে। এক পর্যায়ে সোহেল রানা তার হাতে থাকা ছুড়ি দিয়ে চাচা নজরুল ইসলামের ঘাড়ে ও কানে কোপ মারে। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান। এছাড়া এঘটনায় নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এ ঘটনার পর থেকে জাহাঙ্গীর ও তার ছেলে সোহেল মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
ইত্তেফাক/জামান
