তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশে একটি সুস্থ সংস্কৃতির চর্চার লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের সোনালী অধ্যায় ফিরিয়ে আনতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে দু’দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-তথ্য সচিব আবদুল মালেক, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র মহাপরিচালক হারুন-অর- রশিদ, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, অভিনেতা আলমগীর ও ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি চলচ্চিত্র সমাজের আয়না এবং এতে মানুষের কথা বলা হয়। চলচ্চিত্র থেকে বিনোদনও পাওয়া যায়। চলচ্চিত্রকে দেশের অন্যতম পুরনো গণমাধ্যম হিসাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে একসময় ১ হাজার ২ শ’ সিনেমা হল থাকলেও, বর্তমানে এই সংখ্যা হ্রাস পেয়ে ২শ’র নিচে দাঁড়িয়েছে। তথ্যমন্ত্রী স্মরণ করে বলেন, সমাজে চলচ্চিত্রের প্রভাবের বিষয়টি অনুধাবন করে তত্কালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন এবং এরই ধারাবাহিকতায় এফডিসি প্রতিষ্ঠিত হয়।
