বেনাপোলে হুন্ডির ১১ লাখ টাকাসহ আটক ১

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৩:৫২
জেলার বেনাপোল সীমান্ত পথে বুধবার ভারত থেকে ফেরার সময় হুন্ডির বাংলাদেশি ১১লাখ টাকাসহ তরিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক তরিকুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের শুকুর আলী মোড়লের ছেলে।
 
বিজিবি ২১ ব্যাটালিয়নের সুবেদার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তারা জানতে পারে এক মুদ্রা পাচারকারী ভারত থেকে টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে। তরিকুল নামে ওই পাচারকারী সকাল ১০টার দিকে ইছামতী নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাকে (তরিকুল) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে হুন্ডির ১১লাখ টাকা উদ্ধার করে বিজিবি।
 
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর