ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার অন্যতম বইলর-ফুলবাড়ীয়া সড়কের বেহাল অবস্থা। প্রায় দুইশ গ্রামের কয়েক লাখ মানুষের চলাচল এ রাস্তাটি দিয়ে। বর্তমানে ত্রিশালের শেষ সীমানা পর্যন্ত পাঁচ কি.মি পাকা রাস্তার প্রায় পুরোটাই বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুই উপজেলার সংযোগ সড়কের এই বেহাল অবস্থার ফলে অন্তহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
নিম্নমানের কাজ হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর মোড় থেকে ত্রিশাল উপজেলার শেষ সীমানা পর্যন্ত ওই ৫ কি. মিটারের পাকা রাস্তাটির বেশির ভাগ অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানিতে পুকুর আর রাস্তা একাকার হয়ে যায়। এই পাকা সংযোগ সড়কটি ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার ব্যবসায়ীদের জন্য ব্যাপক সুযোগ ও সম্ভাবনার দিক উন্মোচন করলেও সড়কের চরম বেহাল অবস্থার ফলে বর্তমানে তা ব্যাহত হচ্ছে। কখনো যাত্রীবাহী সিএনজি উল্টে গুরুতর আহত হচ্ছে নারী-শিশু। আবার মালবাহী ভ্যান, ট্রলি উল্টে পড়ছে খাদে। প্রতিদিন এ রকম দুর্ঘটনা ঘটেই চলেছে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিদিন এ পথে চলাচলকারী ব্যবসায়ী ও চাকরিজীবীদের অধিক অর্থ ও দীর্ঘ সময় ব্যয় করে ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই অথবা বাইপাস হয়ে প্রায় ২৫ কি.মি ঘুরে চলাচল করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছি। আশা করছি খুব দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।
ইত্তেফাক/নূহু
