রংপুরের পীরগাছায় বৃহস্পতিবার দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২০১৩ সালে উপজেলার দালানগঞ্জবাজার নামক স্থানে মোটর সাইকেল ছিনতাইয়ের সময় স্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়াকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইকেলটি উদ্ধার হলে ছয়জনের নামে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এবছরের ফেব্রুয়ারি মাসে জুয়েল মিয়াসহ তিনজনের ফাঁসি ও দুইজনের যাবতজীবন কারাদণ্ড দেয় রংপুরের বিচারিক আদালত।
রায়ের পর থেকে শাহীনসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই জুয়েল এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরানী বাজার সংলগ্ন রামচন্দ্রপাড়া গ্রাম থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শাহীনকে আটক করে।
শাহীন মিয়া বগুড়া সদর উপজেলার মাটিডালি গ্রামের জোবেদ আলী মিয়ার ছেলে বলে জানা যায়। ইতিপূর্বে অপর ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। নিহত চুন্নু মিয়া পীরগাছা উপজেলার বাজারস্থ দিনা স্টুডিও'র মালিক ছিলেন।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শাহীন মিয়া চুন্নু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
