মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ২৪

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:২৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের টেঁটা যুদ্ধে ১০ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৪ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। টেটাবিদ্ধ ৯ জনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় নূরু বাউল গ্রুপ ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পর্যায়ক্রমে ৪/৫টি গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংর্ঘষ ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নূরু বাউল ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর আগে এই বিরোধের জের ধরে গত ২০ আগস্ট নাসির মোল্লা গ্রুপের তকবির মোল্লা নামে এক সমর্থক টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সেই সময় আওলাদ মোল্লা বাদী হয়ে ৬০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার ৩৪ জন আসামি গ্রেফতার হলেও গত ১৯ অক্টোবর ২৭ জন আসামি জামিন পেয়ে যায়। ওই দিন সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ শুরু হয়। এ সময় নাছির গ্রুপের বেশ কিছু বাড়ি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রীনগর ও টঙ্গীবাড়ি থানা পুলিশের সাহায্য নেন তারা। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয় এবং ৫ শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।