প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে রূপগঞ্জে সাড়ে ৮শ মসজিদে বিশেষ মোনাজাত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:৩০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-এর দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুক্রবার জুমা নামাজের পর একযোগে সাড়ে ৮শ মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সময় মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দাউদপুর এলাকার মসজিদে মোনাজাতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। অন্যান্য মসজিদে মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল, থানা আওয়ামী লীগ সদস্য এমায়েত হোসেন, মতিউর রহমান আকন্দ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের প্রমুখ।

এ ছাড়া তারাব পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজীর উদ্যোগে তারাব আওয়ামী মহিলা লীগ কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার রিতা প্রমুখ।