ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১১ জুন ২০১৭, ১৪:৫৯
 
সিলেটের ওসমানীনগরে পৃথক পৃথক সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছেন। উপজেলার ধিরারাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বড় দিরারাই গ্রামে মৃত আছদ্দর আলীর ছেলে জবেদ আলী (৫৪)। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় দিরারাই গ্রামে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত জবেদ আলীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 
 
এদিকে, একই দিন ইফতারের পরে মসজিদে এসি লাগানোকে কেন্দ্র করে উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হীরা মিয়া, আব্দুল জলিল, নুনু মিয়া, হুমায়ুনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পৃথক পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/কেকে