দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে খানাখন্দে যানবাহন চলাচলে দুর্ভোগ

আপডেট : ১২ জুন ২০১৭, ০২:৫১

বেহাল দশায় পরিণত হয়েছে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। খানাখন্দ আর গর্ত সৃষ্টি হয়েছে মহাসড়কটির রাজবাড়ী অংশের ৩০ কিঃমিঃ এর বিভিন্ন স্থানে। ফলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের। এ মহাসড়ক দিয়ে ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল, খুলনা, কুষ্টিয়ার বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। গত দুই বছরেরও বেশি সময় ধরে বিরাজ করছে এ অবস্থা। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ১০ চাকার ভারী যান চলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক এই মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে প্রায় ৩০ কিলোমিটার রাস্তার  বেশ কয়েকটি স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। রাজবাড়ী শহরের বড়পুল এলাকার বসুন্ধরা সিনেমা হলের সামনে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে।  এসব গর্তে বৃষ্টির পানি জমে যায়। ভাঙাচোড়া রাস্তার কারণে হামেশাই ঘটে দুর্ঘটনা। এক বছর আগে নামকাওয়াস্তে সড়ক  সংস্কার করা হলেও পরে আবার একই অবস্থার সৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে সংস্কার কাজের সঠিক মান নিয়েও।

এলাকাবাসী জানান, রাস্তায় ভাঙাচোড়া থাকার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তারা দ্রুত এই মহাসড়কের দাবি জানিয়েছে। ঈদের আগে মহাসড়কটির সংস্কার করা না হলে ঘুরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন,  সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে যায়। একটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে রাস্তাটি মেরামত করা হবে। মধ্যবর্তী সময়ে আমাদের করণীয় কিছু নেই।

ইত্তেফাক/নূহু