গাংনীতে একটি এলজি শাটারগান ও এক রাউন্ড গুলিসহ এলাকার শীর্ষ সন্ত্রাসী লিল্টু হোসেন (৩০) গ্রেফতার করেছে পুলিশ। লিল্টু হোসেন গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের সামসুল হকের ছেলে।
আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে কাথুলি সড়কের গাংনীর চৌগাছা ও সাহারবাটি মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী লিল্টু হোসেন তার সহযোগীদের নিয়ে সাহারবাটি ও চৌগাছা মাঠের মধ্যে মধ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল কুমার, বখতিয়ার হোসেন, এএসআই কামরুল ইসলামসহ পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও লিল্টু হোসেন একটি এলজি শাটারগান এক রাউন্ড গুলিসহ গ্রেফতার হন।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত বলে জানান ওসি।
লিল্টু হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
