গাদ্দাফি পুত্রের মুক্তি বিষয়ে তদন্ত শুরু

আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:৪৮
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাজাপ্রাপ্ত সাইফ আল-ইসলাম গাদ্দাফির কারামুক্তি বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দেশটির অ্যার্টনি জেনারেল ইব্রাহিম মাসুদ আলী রোববার বলেছেন, সরকারি কৌঁসুলির দপ্তর যে তাকে কারামুক্তি দিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে। 
 
এক বিবৃতিতে আলী বলেন, সাইফ আল-ইসলাম গাদ্দাফির মুক্তির খবরের ভিত্তিতে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে খোঁজা হচ্ছে, সুষ্ঠু বিচারের স্বার্থে যাতে তার বিচার করা যায়। এর আগে তার অনুপস্থিতিতেই বিচার ও তাকে সাজা দেয়া হয়।
 
বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধে ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে দায়মুক্তি পেলেই কেবলমাত্র তাকে ছেড়ে দেয়া সম্ভব। আলী আরো বলেন, তার মুক্তিতে কাদের হাত রয়েছে তদন্তে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
উল্লেখ্য, গাদ্দাফি পুত্র (৪৫) রাজধানী ত্রিপলির দক্ষিণ-পশ্চিমের শহর জিনতানে একটি মিলিশিয়া গ্রুপের হাতে ২০১১ সাল থেকে বন্দি ছিলেন। লিবিয়ায় যুদ্ধ চলাকালে বিক্ষোভকারীদের হত্যার প্ররোচনা দেয়ায় তাকে অভিযুক্ত করা হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু