প্রবল বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে রাঙ্গামাটি শহর ও কাপ্তাইয়ে ২ শিশু নিহত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ পুলিশ লাইন এলাকায় বসতবাড়ির উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে নাইমা আক্তার (৫) ও কাপ্তাই উপজেলার নতুন বাজারে মো. রমজান আলী (৮) মারা যায়।
স্থানীয়রা জানান, রবিবার রাত থেকে টানা বর্ষণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টার সময় পুলিশ লাইন হাসপাতালের পাশ্ববর্তী পাহাড়ের পাদদেশে থাকা একটি বাড়ির উপর পাহাড় ধসে পড়লে ঘরের লোকজন বেরিয়ে আসতে পারলেও শিশুটি মাটি চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে অবিরাম বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়ায় লোকজনকে নিরপদে সরে যেতে মাইকিং করা হয়।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানিয়েছেন, সোমবার সকালে অবিরাম বর্ষণে নতুন বাজার এলাকায় পাহাড় ধসে মো. সেলিম মিয়ার বসত ঘরে তার শিশুপুত্র মাটি চাপা পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এদিকে পাহাড় ধসে মাটি ভেঙ্গে পড়ার কারণে কাপ্তাই চট্টগ্রাম সড়ক বন্ধ হয় যায়।
ইত্তেফাক/এমআই
