রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না পেয়ে মসজিদের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী আশ্রাফ উদ্দিন খন্দকার সোমবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আশ্রাফ উদ্দিন খন্দকার অভিযোগ করেন, ১৪৫, দক্ষিণ যাত্রাবাড়ীর পৈত্রিক ভিটায় বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় যুবলীগ নেতা সায়েম খন্দকার তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ২ শতাংশ জমি ও বাড়ির সামনের অংশ দখল করে সেখানে মসজিদ নির্মাণ করেন। এতে বাড়ির লোকজন বাড়িতে প্রবেশ করতে পারছে না। ইতোপূর্বে সায়েম চাঁদা না পেয়ে স্থানীয় ২৮ থেকে ৩০টি পরিবারকে নির্যাতন করে তাদের জমিতে দেয়াল তুলে দখল করে নিয়েছে। গত বছরের ২১ মে সন্ত্রাসী সায়েমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে একটি জিডি গ্রহণ করে। থানায় জিডি করার বিষয়টি জানতে পেরে সায়েম তার লোকজন নিয়ে হামলা চালায়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা করেন। বর্তমানে পরিবার নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইত্তেফাক/এএম।
