ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লীবিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. শাহজাহান চৌধুরীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহজাহান চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।
পল্লীবিদ্যুৎ অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. শাহজাহান চৌধুরীর ৯টি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।বকেয়া বিল পরিশোধের জন্য বারবার তাকে বলার পরও তিনি বিল পরিশোধ করেন না। তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীদেরকে গালিগালাজ করেন এবং চর-থাপ্পর মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় গত ১২ জুন আখাউড়া থানায় মামলা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন তরফদার বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের মারপিট ও কাজে বাধা দেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন ধারায় ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
