কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে কমলা (২৪) নামের দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে লাশের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।
নিহত কমলা উপজেলা পোড়াদহ ইউনিয়নের জুলহকের ছেলে মানিকের স্ত্রী এবং উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।
নিহতের বাবা সেকেন্দার আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে আমার মেয়ে কমলাকে শারীরিক নির্যাতন করছে তার স্বামী মানিক। এরই জের ধরে সোমবার দুপুরে কমলার স্বামী, শ্বশুর জুলহক, শাশুড়ি শাহানারা, ভাসুর তোতা এবং ননদ কুসুম মিলে আমার মেয়েকে বাড়ীর ছাদে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। একপর্যায়ে কমলা মারা যায়। তারপর সেটাকে আত্মহত্যা বলে চালাই।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, বেশ কিছুদিন ধরেই কমলার উপরে নির্যাতন চালাতো তার পরিবারের লোকজন। সোমবার দুপুরেও তার উপরে নির্যাতন চালানো হয় বলেও জানায় তারা।
এ ব্যাপারে আহাম্মদপুর ক্যাম্পের ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমরা লাশের ময়না তদন্ত করেছি। রিপোর্ট আসলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/জামান
