উগান্ডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করায় মধ্য আফ্রিকাতে ‘নিরাপত্তা শূন্যতা’ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার মধ্য আফ্রিকা বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি ফ্রান্সিস লাউনসেনী ফল এ সংক্রান্ত আশঙ্কার কথা জানান।
জানা গেছে, দেশটিতে এলআরএ নেতা জোসেফ কনিকে ধরার জন্যে এসব বাহিনী যৌথ অভিযান চালিয়ে আসছিল। গত ৩০ বছর ধরে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ লর্ডস রেসিসট্যান্স আর্মি (এলআরএ) তৎপরতা চালিয়ে আসছে। ১৯৮৭ সালে কনি এই সন্ত্রাসী গ্রুপটি প্রতিষ্ঠা করেন। গ্রুপটি বিগত দিনে প্রায় এক লাখ লোকের শিরশ্ছেদ করেছে এবং ৬০ হাজার শিশুকে অপহরণ করেছে।
গত ১৯ এপ্রিল থেকে উগান্ডা প্রথম পূর্ব-মধ্য আফ্রিকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। সেই সঙ্গে ইউএস আফ্রিকা কমান্ড (আফ্রিকম) তাদের বিশেষ বাহিনী’র একশত সদস্যকে অভিযান থেকে প্রত্যাহার করে নেয়। এই অভিযানে ওইমাসে তাদের খরচ ছিল ৬০ কোটি থেকে ৮০ কোটি ডলার।
এদিকে যৌথ অভিযান সত্ত্বেও কনি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। জাতিসংঘ দূত ফ্রান্সিস বলেন, ‘সেনা প্রত্যাহারের ফলে সন্ত্রাসী গ্রুপগুলো আবারো মধ্য আফ্রিকায় মাথাচাড়া দিয়ে উঠবে। বিদ্যমান আফ্রিকান সেনাদের দিয়ে সন্ত্রাসী গ্রুপকে মোকাবেলা করা সম্ভব হবে না।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
