ফেইসবুকে আপত্তিকর ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে যুবকের হাতে কিশোর নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলার সোহাগ কাউন্টারের পেছনে গতরাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল যুবকের উপর্যপুরি ছুরিকাঘাতে রাতুল (১৫) নামক এক কিশোর নিহত হয়। সে সময় যুবকের ছুরিকাঘাতে সাইফুল নামক অন্য এক কিশোর গুরুতর আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নবীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলায় সোহাগ কাউন্টারের পেছনে সজিব ও তার বন্ধুর ছুরির আঘাতে রাতুল নিহত হয়। এতে আরেক কিশোর সাইফুল গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওসি আরো জানান, সজিবের স্ত্রীর ছবি ফেইসবুকে পোস্ট সংক্রান্ত ব্যাপারে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সজিব ও তার সহযোগীদের ধরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি।
নিহত ও আহতের বাড়ি পৈরতলায় আর ঘাতক সজিবের বাড়ি কান্দিপাড়া বলে জানা যায়।
ইত্তেফাক/নূহু
