সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র, গুলিসহ দুই বনদস্যু আটক

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৪:০৯
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল থেকে জেলেরা তাদের আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে।
 
এ সময় তাদের কাছ থেকে ৪ টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি একনলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল।
 
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার(২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূও ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন চালতাবাড়িয়া খালে একদল বনদস্যু নিরীহ জেলেদের ওপর হামলা করে। তারা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। এ সময়  জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের ঘণ্টা ব্যাপী হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে জেলেদের হাতে ধরা পড়ে ওই দুই বনদস্যু।
 
ইত্তেফাক/এমআর