টঙ্গীতে গাড়ি চাপায় মা-মেয়ে নিহত

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৭:২১
 
টঙ্গীর আমতলী এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাড়ি চাপায় সাথী বেগম (২৫) ও তার দুই বছরের মেয়ে সামিয়া নিহত হয়েছে। নিহতরা স্থানীয় ব্যাংক মাঠ বস্তি এলাকার জীবন মিয়ার স্ত্রী ও মেয়ে।
 
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, সকাল সাড়ে ১২টার দিকে সামিয়া ও তার মা সাথী বেগম রিকশায় করে ব্যাংক মাঠ বস্তিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাটি আমতলী এলাকায় পৌঁছুলে সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের দ্রুত গতির গাড়িটি তাদের বহনকারী রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয় এবং তার মা সাথী বেগমকে আহত অবস্থায় প্রথমে টঙ্গী সরকারি পরে উত্তরা জাহানারা মেডিকেলে নেয়ার পর তিনি মারা যান।
 
প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক অপু মিয়া বলেন, 'কাউন্সিলর হেলাল উদ্দিনের গাড়ির চাপায় ওই শিশুটি নিহত এবং তার মা আহত হয়েছে। আমি ধাওয়া দিয়ে গাড়িটিকে স্টেশনরোড এলাকায় আটকে গাড়ির ছবি তুললে কাউন্সিলর হেলাল আমার কাছ থেকে মোবাইল নিয়ে তা ডিলিট করে দেয় এবং এটি প্রকাশ না করতে আমাকে হুমকি প্রদান করে।'
 
এব্যাপারে কাউন্সিলর হেলালের সাথে যোগাযোগ করা হলে তিনি তার গাড়ির চাপায় শিশুটি মারা যাওয়ার কথা অস্বীকার করে বলেন, 'আমার গাড়ি নয় এটি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর গাড়ি। আর ওই গাড়িতে আমি ছিলাম না।'
 
ইত্তেফাক/জামান