বরিশালে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ২

আপডেট : ১৬ জুন ২০১৭, ১৯:৫১
নগরীর বিমানবন্দর থানা এলাকায় দুর্ঘটনায় পড়া একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে পুলিশ ১৩০ বোতল বিদেশি মদ ও ৭’শ বোতল বিয়ার উদ্ধার করে। আটক করা হয়েছে পিকআপের চালকসহ দুইজনকে। আটকৃতরা হলেন- সালমান ও ফরহাদ। তারা ঢাকা থেকে ওই মদ বিক্রির জন্য বরিশাল আসছিল।
 
বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন ইত্তেফাককে জানান, তাদের কাছে মদের চালান আসার আগাম খবর ছিল। সে অনুযায়ী তারা বৃহস্পতিবার রাতে মহানগরীর প্রবেশদ্বার বাবুগঞ্জের রামপট্টি এলাকায় চেকপোস্ট বসান। ওই পিকআপটি রাত সাড়ে তিনটার দিকে চেকপোস্টে না দাঁড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিলে পিকআপটি বিমান বন্দর থানার কাছাকাছি এসে দুঘর্টনায় পড়ে। তারা পিক-আপের ভেতরে বিদেশি মদ ও বিয়ারসহ দু’জনকে আটক করতে সক্ষম হন। আটকৃতরা জানিয়েছে- ঢাকা থেকে বরিশালের এক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য তারা মদের চালানটি নিয়ে এসেছিল। তবে ব্যবসায়ীর নাম পুলিশের কাছে গোপন করছে আটকৃতরা। তারা জানায়, বরিশালে পৌঁছার পর এক ব্যক্তি তাদের রিসিভ করবে এমন শর্তে ওই মদের চালান নিয়ে এসেছিল। পুলিশ মনে করছে তারা তথ্য গোপন করে যাচ্ছে।
 
ইত্তেফাক/এমআই