খাস পুকুর দখল কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেয়ার মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, উপজেলার সাতারপাড়া এলাকার একটি সরকারি পুকুর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে লিজ দেয়া হয়। কিন্তু ইজারাদার শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলীকে ওই পুকুরে মাছ ছাড়তে বাধা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লা ও তার লোকজন। গত ১৩ জুন উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ওই পুকুরে গিয়ে ইজারাদারকে পুকুর বুঝিয়ে দেন। এ সময় আবারো আব্দুর রহিম ও তার লোকজন বাধা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারের সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় সহকারি কমিশনার শফিকুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
