গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৭, ১৭:৪২
গোপালগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেছ মুন্সীর ছেলে নূর ইসলাম (২২), এইক গ্রামের আসাদ মুন্সীর ছেলে জাহিদুর মুন্সী (২০) ও একই উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আক্রাম মোল্যার ছেলে সুমন মোল্যা (৩৪)। 
 
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, নির্মাণাধীন ভবনে ৯ জন নির্মাণ শ্রমিক কাজ করছিল। দুপুর ১২টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে জাহিদুল ইসলাম ও নুর ইসলাম ভেতরে নামে। কিন্তু কিছুক্ষণ পর সাড়া শব্দ না পাওয়ায় সুমন মোল্যাও মই বেয়ে ভেতরে প্রবেশ করে। কিন্তু সেও আর ফিরে আসেনি। পরে বিষয়টি অন্য শ্রমিক ও এলাকাবাসী বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়। ট্যাংকির মুখ সরু হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হয়েছে। সেপটিক ট্যাংকের মধ্যে জমে থাকা গ্যাসে ওই শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে।
 
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি