বগুড়ার সারিয়াকান্দিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সহিদুল (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে অভি (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লাঠিমারঘোন ব্রিজ সংলগ্ন এলাকায় সারিয়াকান্দি-বগুড়া সড়কে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটি বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাৎ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা আহত হন। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের দুই জনকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে চালক সহিদুল ইসলাম মারা যান।
নিহত সহিদুল বগুড়ার মাঝিরার দুবলাগাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত অভি গাবতলী পূর্ব পাড়ার ইট ভাটার মালিক জাকিরের ছেলে। ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর আবদুল মোত্তালেব পারভেজ জানান, প্রাইভেট কারটি বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
ইত্তেফাক/জামান
