ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ আর ওভারটেকিং এর কারণে বাড়ছে যানজট। ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
মহাসড়ক চার লেনের কাজ চলার পাশাপাশি কদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় বৃদ্ধি পেয়েছে যানজট। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগ মুহূর্তে এর মাত্রা আরো কয়েকগুণ বাড়বে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে চার লেনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি করেছে পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গায় রাস্তা বন্ধ রেখে মহাসড়কের চার লেনের উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শুধু টাঙ্গাইল নয়, গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে চার লেনের এ কাজ চলছে। মহাসড়কে অনেক অংশে ভেঙে চার লেনের কাজ করা হচ্ছে।
এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি ও রাস্তা খুঁড়ে কাজ করায় যান-চলাচলে বিঘ্নের কারণে দীর্ঘ যানজট হচ্ছে। এসব জায়গায় যান চলছে অত্যন্ত ধীর গতিতে। ফলে টাঙ্গাইলের সীমানায় মির্জাপুরের গোঁড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকার পাকুল্লা, জামুর্কী, করটিয়া, পৌলী ও এলেঙ্গায় প্রায় সময়ই গাড়ীর ধীরগতি থাকে। দুর্ঘটনা ও গাড়ি বিকল হলেও যানজট সৃষ্টি হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম বলেন, 'মহাসড়কের নিরাপত্তা ও যানজট নিরসনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। আর যানজটে আটকা পড়ে যাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য জেলা ও হাইওয়ে পুলিশ রাস্তায় দিন রাত কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেয়া হচ্ছে।'
ইত্তেফাক/জামান
