লোকাল বাস কেড়ে নিল ইজিবাইক চালকের প্রাণ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:২০

পাগলায় বাসচাপায় ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোঃ হাকিম (৩২)। ফতুল্লায় আল্লাহ ভরসা নামক লোকাল বাস চাপায় তিনি নিহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার পাগলা মেরি এন্ডারসনের সামনে ডিএন রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম তিনি কুড়িগ্রামের রাজারহাট থানার পূর্ববালাকান্দি ফরকেহাট গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্ত্রীসহ দুই শিশু সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেইনবো ডাইং এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পাগলা থেকে পোস্তগোলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ইজিবাইক (অটোরিক্সা) চালক হাকিম। এ সময় পাগলার মেরিএন্ডারসনের সামনে পৌছালে নারায়ণগঞ্জ গামী আল্লাহ ভরসা নামক একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ-৪৯-৬০) দ্রুত গতিতে এসে ইজিবাইকটিকে মুখোমুখি চাপা দেয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক হাকিমের মৃত্যু হয়।

অবশ্য দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাগলা গ্রীন হাসপাতালে নিয়েছিলেন। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে আরো জানা গেছে, ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে যায়। বাসটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। 

নিহতের স্বজনেরা জানান, হাকিম বিবাহিত। তার আকিবুল (৭) এবং হালি (১০) নামে দুই শিশু সন্তান রয়েছে। পরিবারে একমাত্র উপর্জনকারী তিনিই ছিলেন। হাকিমের এমন মৃত্যুর খবরে গোটা পরিবার শোকে স্তব্ধ।

আরও পড়ুনঃ শিশু গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেফতার

ঘটনার সত্যত স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আসলাম হোসেন জানান, ঘাতক চালক তার বাস রেখে পালিয়ে গিয়েছে। তবে তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। আর এই ঘটনায় থানায় মামলা রুজু করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু