অতিক্রমণ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:২৬

নিজেকে অতিক্রম করলেই দেখা পাবে তার

নিজেকে অতিক্রম করলেই দেখা মিলবে নিজের

জীবন বাজি রেখে পাহাড় ডিঙিয়েছ

মাউন্ট এভারেস্টের সানুদেশ স্পর্শ করে বিজয় পতাকা উড্ডীন করেছ

আয়াসসাধ্য অভিযানে মুহুর্মুহু করতালে ফুলে উঠেছে বুকের ছাতি।

কিন্তু বাকি থেকে গেছে সেই পথ

আরো কঠিন—নিজের, মাত্র সাড়ে তিন হাত

 

এই অতিক্রমণের অভিযানে কেটে গেছে যুগযুগ

সাফল্যচূড়া এখনো স্পর্শ করা যায়নি

তবে বৃথাই গমনাগমন—বৃথাই সব অভিযান

নিজের প্রারম্ভবিন্দুতে কখন বেজে উঠবে বাঁশি

সেই ক্ষণগণনায় বসে আছে ইন্দ্রিয়ের সর্দার

রিপুর সাথে যুদ্ধ চলছে না কি আপোসে বাড়িয়ে দিয়েছ পা,

ভাববার সময় কি এখনো বাকি!

সাত সাগর আর তের নদী পাড়ি দিয়ে কলম্বাসকে অতিক্রম করেছ,

তারপরও...বাকি রেখে দিয়েছ নিজেকে

 

রাজ্যের পর রাজ্য জয় করে পেছনে ফেলে দিয়েছ

বিশ্বজয়ী আলেকজান্ডারকে

কিন্তু বাকি থেকে গেছ তুমি

মনে করো পৃথিবী জয় করে হাত বাড়িয়েছ মঙ্গলে—

একটির পর একটি গ্রহ নিমেষে এসে যাচ্ছে হাতের মুঠোয়

কিন্তু বাকি রেখে দিয়েছ নিজেকে

 

এবার প্রারম্ভবিন্দুতে দাঁড়াও—জিহ্বায় তুলে নাও সরল পাঠ

সত্যের সাথে বাধো গাঁটছড়া—সত্যের বর্মে ঢেকে দাও বুকের পাঁজর

অভিযান সফল হলেই দেখা পাবে তার—দেখা পাবে আসল নিজের।