বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী দেখে আওয়ামী লীগ ভোট থেকে সরে যেতে পারে। ধানের শীষের জোয়ার উঠলে নৌকা অনেক দ্রুত ভেসে চলে যাবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে তারেক রহমানের ৪৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই সরকার আতঙ্কিত হয়েছে। পরাজয়ের ভয় থেকেই দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চলছে। কেন তারা এখনও গ্রেফতার করবে? এত কিছু করার পরও এমনও হতে পারে যে, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে চলে যাবেন।
মওদুদ বলেন, তফসিল ঘোষণার পরও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের বদলে সরকারের হাতে। যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, সরকারের এ লক্ষ্য নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। কিন্তু এবারের নির্বাচনে ধানের শীষের জোয়ার ঠেকাতে সরকারের কোনো নীল নকশাই কাজে আসবে না।
নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, এবার ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ আগামীতে ‘একটি ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হবে। এবার শেষ চান্স, শেষ পরীক্ষা। দরকার হলে আপনাদের লড়াই করে ভোট দিতে হবে। যারা আপনাদের বাধা দেবে, তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা যদি ভোট কেন্দ্রে যান, কেউ বাধা দিলে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবেন, তা হলে বিজয় সুনিশ্চিত।
তিনি আরও বলেন, ‘গত আড়াই-তিন বছর আমরা কোনও সংঘাতের পথ বেছে না নিয়ে অত্যন্ত নমনীয় হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করেছি আসুন আমরা একটা সমঝোতায় আসি এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান রেখে যেতে পারি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, একেএম রেজাউল করীম, ইকবাল হোসেন, এমএ হালিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
